বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সুনামগঞ্জে আনসার-ভিডিপির মানবিক উদ্যোগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন সদস্যরা

 



সুনামগঞ্জ প্রতিনিধি:

কালবৈশাখীর ঝড়বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে সুনামগঞ্জ সদর উপজেলায় এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা।


সুনামগঞ্জ জেলার সুযোগ্য জেলা কমান্ড্যান্ট মোঃ সুজন মিয়ার নির্দেশনায় এবং সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসীর সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে সরাসরি অংশগ্রহণ করেন উপজেলা প্রশিক্ষক আল আমিন ও প্রশিক্ষিকা সুমি আক্তার।


জানা যায়, সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হবতপুর এলাকায় হাওরের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এক কৃষকের ৩ একর জমির পাকা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এমন সংকটময় মুহূর্তে ইউনিয়ন দলনেতার নেতৃত্বে ৩৫ জন আনসার-ভিডিপি স্বেচ্ছাসেবী সদস্য-সদস্যা এগিয়ে আসেন।


ঝড়বৃষ্টি উপেক্ষা করে তারা জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত সময়ের মধ্যে ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন। ফলে সম্ভাব্য বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পান ওই কৃষক।


স্থানীয়রা জানান, এমন উদ্যোগ শুধু মানবিক সহায়তাই নয়, বরং সমাজে সহযোগিতা ও সহমর্মিতার এক উজ্জ্বল উদাহরণ। এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে আনসার ও ভিডিপি সদস্যদের এই উদ্যোগ।


এই মহতী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সেবামূলক ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।


— নিউজ ডেস্ক

No comments:

Post a Comment