Pages

▼

সুনামগঞ্জ সদরে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

 


সুনামগঞ্জ প্রতিনিধি:-

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’-এর দ্বিতীয় সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।


শনিবার সকাল থেকে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসীর নেতৃত্বে উপজেলা প্রশিক্ষক আল আমীন, উপজেলা প্রশিক্ষিকা সুমি আক্তার এবং ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।



কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরের আঙিনা ও আশপাশের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।


অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহুল আমীন উপস্থিত থেকে কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা দেন। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।



আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ জনকল্যাণমুখী কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়রা। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন সংশ্লিষ্টরা।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনস্বার্থে দেশব্যাপী চলমান এ কর্মসূচির ধারাবাহিকতায় ভবিষ্যতেও সুনামগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

No comments:

Post a Comment