সুনামগঞ্জ সদরে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

 


সুনামগঞ্জ প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’-এর অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পরিচালনা করে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।

কর্মসূচিতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসীর নেতৃত্বে উপজেলা প্রশিক্ষক আল আমীনসহ আনসার ও ভিডিপির সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।



অভিযানের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা তৈরিতে একটি র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



কর্মসূচিতে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা দেন।

আনসার ও ভিডিপির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত এ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে। এ ধরনের কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।



No comments:

Post a Comment