পরিবেশ রক্ষায় সুনামগঞ্জ সদরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি

 

সুনামগঞ্জ প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং হাওড়াঞ্চলে বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় বৃক্ষরোপণ অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। চলতি বছর উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচির আওতায় মোট ৬০০টি গাছের চারা রোপণ করা হয়।



হাওড়াঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছসহ বিভিন্ন দেশীয় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে বৃক্ষ মাটির ক্ষয় রোধ এবং ঝড়ের ক্ষতিকর প্রভাব কমাতেও সহায়তা করে।



হাওড়ের পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে জেলা কমান্ড্যান্টের দিকনির্দেশনায় এ উদ্যোগ গ্রহণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী। কর্মসূচির আওতায় বিভিন্ন উন্মুক্ত স্থান, হাওড়ের তীর ও শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় ফলজ ও বনজ গাছের চারা এবং তালের বীজ রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়।



কর্মসূচিতে সঞ্জীবন প্লাটুনভুক্ত সদস্যসহ মোট ৬০ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা প্রশিক্ষক মো. আল আমীন এবং উপজেলা প্রশিক্ষিকা সুমি আক্তার উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।

পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও সবুজায়নের মাধ্যমে হাওড়াঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ স্থানীয় সচেতন মহলে প্রশংসিত হয়েছে।

No comments:

Post a Comment